প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এ দেশে একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে রেখে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনেই।’
খালেদা জিয়া বলেন, ‘সরকার যত ছলচাতুরী করুক না কেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। ওই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে কেক কাটেন খালেদা জিয়া। ৯ সেপ্টেম্বর সোমবার মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।
এ সময় বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সাবেক সাংসদ খালেদা রাব্বানী, মহিলা দলের সভাপতি নুরী সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নির্দলীয় সরকারের দাবির প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘আমাদের দাবি পরিষ্কার, আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই। এ জন্য আমাদের সংগ্রাম করতে হবে।’
বিরোধীদলীয় নেতা অভিযোগ করে বলেন, সরকার দুর্নীতি করে দেশকে শেষ করে দিয়েছে। জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়।
খালেদা জিয়া দেশে বর্তমান অবস্থাকে সংকটজনক অবহিত করে বলেন, ‘আওয়ামী লীগের তিনটি গুণ। দুর্নীতি, মিথ্যাচার ও অত্যাচার। তারা এলে মানুষ খুন হয়, গুম হয়। দেশে দুর্ভিক্ষ লাগে। দেশের মানুষ নির্যাতিত হয়।’
গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আসুন, এই সরকারকে বিদায়ে আমরা এক হই। আগামী প্রজন্মের জন্য একটি শান্তিময়, কল্যাণময় পরিবেশ গড়ে তুলতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’