শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ সাংসদ জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না। এর পরও যদি নির্বাচন দেওয়া হয়, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সে নির্বাচন হতে দেবে না, প্রতিহত করবে।

কারামুক্তির পর গতকাল শুক্রবার দিনভর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া, কানকিরহাট, গাজীরহাট, নজরপুর, ছিলোনীয়া, সেনবাগ পৌর শহরসহ বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। পথসভাসমূহে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক,  সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপির নেতা আবদুল্লাহ আল-মামুন, ভিপি মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, তত্ত্বাবদায়ক সরকারের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল। ক্ষমতায় এসে সে তত্ত্বাবধায়ক সরকারকে জিন্দা কবর দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেবেন না। কারণ তিনি জেনে গেছেন তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নির্বাচনে সরকারি দলের সবাই জামানত হারাবেন।