স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান মেনে ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তাদের এর কোনো বিকল্প নেই।
গতকাল শনিবার নওগাঁর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের যে দাবি করছে, তার কোনো ভিত্তি নেই। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
জেলা সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, সাংসদ ছলিম উদ্দিন তরফদার, স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম এ মোহি, রাজশাহী বিভাগীয় পরিচালক আশিষ কুমার সাহা, জেলা প্রশাসক আমিনুর রহমান প্রমুখ।
বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলো গরিবের চিকিৎসাকেন্দ্র। সরকার-নির্ধারিত স্বাস্থ্যসেবার বাইরেও যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি যুগান্তকারী। এটি যেন কথার কথা হয়ে না থাকে। চিকিৎসক ও নার্সদের তিনি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এর আগে মোহাম্মদ নাসিম উপজেলার নজিপুর পৌরসভায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।