শেখ হাসিনার অধীনেই তরীকত ফেডারেশন নির্বাচন করবে
শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সর্বদলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ তরীকত ফেডারেশন।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এ ঘোষণা দেন।
১৪ দলের বাইরে দ্বিতীয় দল হিসেবে তরীকত ফেডারেশন সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল। এর আগে আনোয়ার হোসেন মঞ্জুর জেপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।
মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নজিবুল বশর বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাঁরা নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে বিরোধী দলের নির্বাচন বানচালের আন্দোলন সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নয়, বরং বিরোধীদলীয় নেতার পদ থেকে খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তরীকত ফেডারেশনের এম এ আউয়াল, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।