আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এ নির্বাচন হবে। একটি নির্বাচিত সরকার অপর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন সৈয়দ আশরাফ। এ সময় দলের সভানেত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
সৈয়দ আশরাফ জানান, ১৫ আগস্ট খালেদা জিয়া কেক কেটে ফুর্তি করে জন্মদিন পালন করায় বৈঠকে নিন্দা জানানো হয়েছে। বৈঠক থেকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন এভাবে জন্মদিন পালন না করেন। তিনি প্রশ্ন রেখে বলেন, জাতীয় শোক দিবসে কেন কেক কেটে ফুর্তি করতে হবে। ৬৯ বছর বয়সে কেন জন্মদিনের কেক কাটতে হবে? কেক কাটবে শিশুরা। একজন বিকারগ্রস্ত মানুষের পক্ষেই এ দিনে ফুর্তি করা সম্ভব। তিনি এর মাধ্যমে বোঝাতে চান জাতির জনকের হত্যায় খুশি হয়েছেন। তিনি প্রকাশ করতে চান, তিনি ঘাতক ও স্বাধীনতাবিরোধীদের পক্ষে।
সৈয়দ আশরাফ বেগম জিয়ার বিয়ের কাবিন, এসএসসির সনদ, পাসপোর্ট, মায়ের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ভিন্ন ভিন্ন ছয়টি জন্মদিন তুলে ধরেন।
সমঝোতা না হলে সংঘাত অনিবার্য—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব সময়ই সংলাপ চাই। ১৫ আগস্ট জন্মদিনের নামে কেক কেটে আনন্দ-ফুর্তি করলে সংলাপের পরিবেশ সৃষ্টি হয় না। শিশু রাসেল, বেগম মুজিবসহ নারী হত্যার দিনে কেউ ফুর্তি করলে আলোচনার পরিবেশ হয় না। বিএনপি সংলাপের পরিবেশ রাখেনি।’
তবে সংবিধানের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করা যায়, সে ব্যাপারে বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা নিয়ে সংলাপের চিন্তা করা যেতে পারে বলে উপদেষ্টারা মত দেন বলে বৈঠকের একটি সূত্র জানিয়েছে।
দলীয় কোন্দল মিটিয়ে ফেলার পরামর্শ: বৈঠক সূত্র জানায়, বৈঠকে উপদেষ্টারা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ, দ্বন্দ্ব ও সংঘাত মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। নির্বাচনে দলীয় সাংসদ পদে সঠিক মনোনয়নের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে নির্বাচন প্রস্তুতিমূলক কাজ শুরু করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার তৈরির কথা বলা হয়। বৈঠকে উপদেষ্টারা বলেন, উন্নয়নমূলক কাজের প্রচার করতে হবে। গত নির্বাচনের ইশতেহার অনুযায়ী যা করা যায়নি, সে ব্যাপার কারণসহ ব্যাখ্যা দেওয়া দরকার। এ ছাড়া ভবিষ্যতে ক্ষমতায় গেলে কী করা হবে, তাও বলা দরকার।
সূত্র জানায়, বৈঠকে বিলবোর্ড নিয়ে আলোচনা হয়। বলা হয়, সরকারের যেকোনো ইতিবাচক কাজেরও সমালোচনা করা হচ্ছে। সে দৃষ্টিকোণ থেকেই বিলবোর্ডে প্রচার নিয়ে সমালোচনা হয়েছে। সাত দিনের জন্য বিলবোর্ড টানানো হয়েছিল এবং তা যথাসময়ে নামানো হয়েছে। সংশ্লিষ্টদের টাকাও পরিশোধ করা হয়েছে।
বৈঠকে সরকারের উন্নয়নমূলক কাজ আরও বেশি প্রচারের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া উপদেষ্টা ও মন্ত্রীরা একে অন্যের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন, তা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।