শেখ হাসিনার করা বাতিল আবেদনের ওপর শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলা বাতিল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে গতকাল বুধবার। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন।শেখ হাসিনার আইনজীবী শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, ‘নাইকো মামলা বাতিলের আবেদনের শুনানি শুরু হয়েছে। কাল (বৃহস্পতিবার) রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে আংশিক শুনানি হবে।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিদেশি প্রতিষ্ঠান নাইকোকে অবৈধভাবে গ্যাস উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সাব্বির হাসান। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নাইকো রিসোর্সকে অবৈধভাবে এক হাজার ৭৯৪ বিসিএফ গ্যাস উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতি করেছেন।এ মামলার দায় থেকে অব্যাহতির জন্য শেখ হাসিনা ২০০৮ সালে হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলাটি কেন খারিজ করা হবে না, তা জানাতে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেন আদালত। এরপর ওই রুলের ওপর গতকাল বেলা ১১টা থেকে মাঝে বিরতি দিয়ে বিকেল চারটা ১০ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করেন আদালত। আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী রফিক-উল হক, শেখ ফজলে নূর তাপস শুনানি করেন। তাঁদের সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। গতকালের শুনানি: শুনানিতে শেখ ফজলে নূর তাপস বলেন, আইন অনুযায়ী এফআইআর ও অভিযোগপত্র দেওয়ার আগে দুদকের অনুমোদন নিতে হবে। কিন্তু এফআইআর করার সময় দুদকের অনুমোদন নেওয়া হয়নি। তবে অভিযোগপত্র দাখিলের সময় অনুমোদন নেওয়া হয়েছে; এটি যান্ত্রিক অনুমোদন। এর আইনগত ভিত্তি নেই। বাংলাদেশ ও ভারতীয় সুপ্রিম কোর্টের একাধিক নজির তুলে ধরে তিনি বলেন, এ মামলায় অনুমোদনের আইন অনুসরণ করা হয়নি। তাই মামলাটি চলতে পারে না।