শেখ হাসিনার কর্তৃত্ব আরও সুদৃঢ় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের ওপর অব্যাহত হস্তক্ষেপ, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং সংবিধান নিয়ে আনাড়ি ঘষামাজার মাধ্যমে নিজেদের শাসন চিরস্থায়ী করতে চায় শেখ হাসিনার সরকার। লন্ডনভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পত্রিকাটির অনলাইন সংস্করণে ‘এক এবং একমাত্র’ শিরোনামে গতকাল শুক্রবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আজ শনিবার প্রকাশিতব্য মুদ্রিত সংস্করণেও থাকবে।
প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্বিতীয় প্রধান ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে দুর্নীতির মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদন সম্প্রতি সুপ্রিম কোর্টের খারিজ করার কথাও বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এতে করে খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করার পথ সুগম হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর সাজা হতে পারে। প্রতিবেদনের বক্তব্য, আদালতের এই আদেশের ফলে শেখ হাসিনার কর্তৃত্ব আরও বেশি সুদৃঢ় হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে আওয়ামী লীগ সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকারের মিত্র সাবেক স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টি অনুগত বিরোধী দলের ভূমিকা পালন করছে। ১৭ সেপ্টেম্বর সংসদ সংবিধানের যে সংশোধনী অনুমোদন করেছে, তাতে বিচারকদের অপসারণ (অভিশংসিত) করতে পারবে সরকার।
ইকোনমিস্ট বলছে, নির্বাচনের আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যতটা জনপ্রিয় ছিল, বিস্ময়করভাবে এখন তার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। জনপ্রিয়তার পরিমাপক হিসেবে সাম্প্রতিক একটি জনমত জরিপের কথা উল্লেখ করা হয়েছে। তবে জনমত জরিপটি কারা চালিয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের সঙ্গে বিদেশি সরকারগুলো ব্যবসা করতে রাজি আছে। ভারতে কংগ্রেস সরকারের বিদায় হলেও নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। চীন, জাপান, রাশিয়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে।
ইকোনমিস্ট আরও বলেছে, ৫ জানুয়ারির একতরফা সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার সরকার প্রথম দিকে চাপে থাকলেও এখন শক্ত অবস্থায় রয়েছে। অনেকেই বলছে, শুধু অর্থনৈতিক উন্নয়নের কারণে হলেও শেখ হাসিনার শাসনকে বৈধ বলা যেতে পারে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, তিনি দেশে ফিরলে তাঁর দলে তারুণ্যের সঞ্চার হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালকে বিতর্কিত উল্লেখ করে ইকোনমিস্ট বলছে, সরকার কৌশলী হয়ে এসব মামলার বিচার ঝুলিয়ে রেখেছে।
প্রতিবেদনে দৃশ্যত এক-এগারো পরবর্তী অবস্থার প্রতি ইঙ্গিত করে সামরিক বাহিনী সম্পর্কে বলা হয়েছে, অভ্যুত্থানের পর তারা বুঝতে পেরেছিল যতটা ভাবা হয়েছিল দেশ শাসন করা ততটা সুখকর নয়।