শেখ হাসিনার কাছে সহযোগিতা চাইলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তাঁর সব ধরনের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তিনি এ সহযোগিতা কামনা করেন। দুই নেতার টেলিফোন সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এক সংবাদ ব্রিফিংয়ে জানান, কমনওয়েলথের সদস্য হিসেবে মালদ্বীপে সাংবিধানিক শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য সে দেশের নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।আবুল কালাম আজাদ আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট ওয়াহিদের প্রতি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এর জবাবে ওয়াহিদ বাংলাদেশিসহ বর্তমানে মালদ্বীপে বসবাসরত বিদেশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ৭ ফেব্রুয়ারি পদত্যাগের পর দেশটির প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ। ইউএনবি।