শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
আজ ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে তিনি মুক্তি পান।শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো কর্মসূচি নিয়েছে। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবে। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে গণভবনে উপস্থিত থাকার অনুরোধ করেছেন। বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শেখ হাসিনা অনেকবার জেল-জুলুমের শিকার হয়েছেন। প্রাণনাশের জন্য বেশ কয়েকবার তাঁর ওপর আক্রমণ হয়েছে। কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।