শেখ হাসিনার কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বাংলাদেশের মানুষ মনে করে, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি সারা বিশ্বের জননন্দিত নেতা।’
গতকাল রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করতে গতকাল এ বর্ধিত সভা করা হয়।
বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় যে আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করেছিল, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেই আন্তর্জাতিক মহল এখনো ষড়যন্ত্র করছে। এখনো তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করে। অথচ তাদের দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। এখনো তারা বাংলাদেশে আইএস আছে বলে প্রচার করে। তারা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।