শেখ হাসিনার গতি অ্যারাবিয়ান হর্সের মতো: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার গতি হচ্ছে অ্যারাবিয়ান হর্সের মতো। তাঁর সঙ্গে আমরা তাল মেলাতে পারি না। তিনি যে তালে চলেন, আমরা সেই তালে চলতে পারি না। তাঁর গতির কাছাকাছি হলেও আমাদের যেতে হবে, না হলে টিমওয়ার্ক হবে না।’
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করছি। আর আমাদের এই বাস্তবায়নের সক্ষমতা জানতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন। আমরা জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে কোনো কিছুই করি না। কিন্তু যাঁদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তাঁরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।’
এর আগের দিন সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পে কী কী দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা প্রমাণ করুন কোথায় দুর্নীতি হয়েছে। যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ), ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
এ ছাড়া শিল্পকলা একাডেমিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।