শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা অভিযোগটি আমলে নিয়ে এ আদেশ দেন।
মামলার বাদী মুক্তিযোদ্ধা ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন জানান, নির্যাতনের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে পৌঁছালে তাঁর গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা হামলা চালায়। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও অনেকে আহত হন। তখন এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলাও নেয়নি।