শেখ হাসিনার ছন্দ-সমালোচনা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে আজ বেশ কিছু ছন্দাশ্রয়ী বক্তব্য ছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তির্যক সমালোচনায় তাঁকে ছড়া কাটতেও দেখা গেছে। বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তাঁর (খালেদা জিয়া) বৈঠক নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন ছন্দে ছন্দে।
খালেদা-বি চৌধুরীর বৈঠকের নাটকীয় বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছবি দেখলাম, একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বদু কাকার সাথে সাক্ষাত্ করছেন। আমি ঠিক জানি না, আমাদের বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কি না উনার কাছে। কারণ একবার অভিমানভরে বলেছিলেন, “একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমি চললাম।” এই বলে তিনি চলে গিয়েছিলেন।’ এ সময় প্রধানমন্ত্রী ছন্দ মিলিয়ে বলেন,
‘আবার দেখি আজ দুজনে বসে কূজনে কী কথা বলে’।
বিভিন্ন দেশের দূতাবাস ও রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির ঘন ঘন আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছন্দ মিলিয়ে বলেন,
‘নালিশ করে কী পেয়েছে
নালিশ করে বালিশ পেয়েছে
ভাঙা জুতোর বাড়ি খেয়েছে
বাংলাদেশের মানুষ বাড়িটা দিয়ে দিয়েছে।’