শেখ হাসিনার জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ সোমবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
আশির দশকের শুরুতে জাতীয় রাজনীতিতে আসেন শেখ হাসিনা। দায়িত্ব নেন আওয়ামী লীগের। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলে দলের সভানেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদ এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা।
ইতিমধ্যে শেখ হাসিনা শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা, মাতৃ ও শিশুস্বাস্থ্যে উন্নতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, পরিবেশ রক্ষা এবং দেশে দেশে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন অসংখ্য পদক ও পুরস্কারে। গতকাল রোববার তিনি পেয়েছেন ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় তাঁর জন্মদিন পড়ে যাওয়ায় গত কয়েক বছর বিদেশের মাটিতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়াভাবে তিনি জন্মদিন পালন করে থাকেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে জাতিসংঘের ৭০তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে ফুলের তোড়া উপহার দেওয়া হবে। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যার পর গণভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী ওলামা লীগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গমাতা পরিষদ, আমরা মুক্তিযুদ্ধের সন্তানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুব উল আলম হানিফ দলটির সব শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শেখ হাসিনার ৬৯তম শুভ জন্মদিন পালনের আহ্বান জানিয়েছেন।