শেখ হাসিনার জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।প্রতিবছরের মতো এবারও শেখ হাসিনার জন্মদিনে আড়ম্বরপূর্ণ কিছু করা হচ্ছে না। তবে তাঁর সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলীয় সভানেত্রীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সব নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীর প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে ফুলের তোড়া উপহার দেওয়া হবে। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়, মহানগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি, বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। এ ছাড়া সকাল ১০টায় ঢাকেশ্বরী মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ বিভিন্ন এতিমখানাসহ দুস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য বিতরণ করবে। আজ শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগ মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে মিষ্টি বিতরণের কর্মসূচি নিয়েছে। স্বেচ্ছাসেবক লীগ গত রাত ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার কর্মসূচি নেয়। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ মেয়ে শেখ হাসিনা বিদেশে থাকাকালে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। ওই বছরের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেও কেবল শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান।