প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় আট বছরের মধ্যে এই প্রথম সিনেট সভা হলো।
প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে সিনেট অধিবেশনে নির্মাণের প্রক্রিয়াধীন ১০ তলা ছাত্রী হলটির নাম রাখা হয় ‘শেখ হাসিনা হল’। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‘ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ এবং সব বিভাগের বিভাগীয় প্রধানদের ‘চেয়ারপারসন’ করার সিদ্ধান্ত হয়।
অধিবেশনে সিনেট সদস্য হিসেবে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুন্সি, লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন, গাইবান্ধা-২ আসনের সাংসদ মাহবুব আরা বেগম গিনি, সংরক্ষিত নারী আসন-৩-এর সাংসদ হোসনে আরা লুৎফা প্রমুখ উপস্থিত ছিলেন।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩৩ কোটি ৬৪ লাখ টাকার বাজেট ঘোষণাও করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২৭ কোটি ১৪ লাখ টাকা পাওয়া যাবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা।