শেখ হাসিনার নামে জমি কেনার টাকা দিয়েছেন আনছারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রায় এক শতক জমি কেনার টাকা দিয়েছেন পরিবেশবিজ্ঞানী ও পরাজিত সাংসদ প্রার্থী আনছারুল করিম। জমি কেনায় তাঁকে সহায়তা করেন কুতুবদিয়া শ্রমিক লীগের সভাপতি মনোয়ার ইসলাম।মনোয়ার ওই জমির পাশে আট শতক জমির ওপর প্রতিষ্ঠিত প্রায় ৭০ লাখ টাকা দামের মার্কেট দখল করেন বলে অভিযোগ করেছেন মার্কেটের মালিক মনজুর আলম। এ নিয়ে ২৬ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘শেখ হাসিনার নামে জমি কিনে পাশের মার্কেট দখল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।জেলা আওয়ামী লীগের সদস্য আনছারুল গত জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন। আনছারুল করিম গত শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘দলের প্রধান হিসেবে শেখ হাসিনার নামে কুতুবদিয়ার জমিটি কিনেছি। এতে কোনো অন্যায় হয়নি। এ জন্য পূর্বানুমতিরও প্রয়োজন হয় না।’আ.লীগের বর্ধিত সভায় ক্ষোভ: এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ও দলে কোনো আলাপ-আলোচনা ছাড়াই জমি কেনায় আনছারুলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ও সাংসদেরা। গত শুক্রবার বেলা চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওই ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় জেলা ও আট উপজেলা আওয়ামী লীগের প্রায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতাদের ভাষ্যমতে, শুরুতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন শেখ হাসিনার নামে জমি কেনার বিষয়টি তুলে ধরে বলেন, প্রথম আলোর ওই রিপোর্ট (২৬ সেপ্টেম্বর প্রকাশিত) নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। দল ও সরকারের শীর্ষ মহল থেকে এ ব্যাপারে ব্যাখ্যা চাইছে। তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রে রিপোর্ট দিতে বলেছে।সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, কুতুবদিয়ায় জমিটি কেনার ব্যাপারে জেলা আওয়ামী লীগের কাউকে জানানো হয়নি। পূর্বানুমতি ছাড়া দলের প্রধান শেখ হাসিনার নামে জমি কেনার অধিকার কারও নেই। সভায় অনেকে শেখ হাসিনার নামে একখণ্ড জমি কেনার ঘটনায় আনছারুল করিমের কাছে ব্যাখ্যা দাবি করেন। জবাবে আনছারুল করিম প্রথম আলোর ওই প্রতিবেদন ভিত্তিহীন দাবি করলে হইচই শুরু হয়।সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দলীয় সাংসদ আবদুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করতে ওই জমিটি কেনা হয়েছে। শিক্ষিত মানুষ হয়েও ড. আনছারুল করিম কাজটি ভালো করেননি। শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের যে কারও জন্য জমি কেনা তো দূরের কথা; কোনো শিক্ষাপ্রতিষ্ঠান করতে হলে পূর্বানুমতি লাগে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের (সাংসদদের) একাধিকবার সতর্ক করেছেন।’এ সময় সাংসদকে সমর্থন করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দলিলে উল্লেখ রয়েছে, আনছারুল করিম দুই লাখ টাকা দিয়ে শেখ হাসিনার জন্য জমিটি কিনেছেন। কিন্তু বর্ধিত সভায় তিনি বলেছেন, জমি কেনার জন্য তিনি ৭০ হাজার টাকা দিয়েছেন। আসলে তিনি এক টাকাও দেননি। দলিল নিবন্ধনের সময় তিনি কুতুবদিয়ায় ছিলেন না।’যোগাযোগ করলে সাংসদ আবদুর রহমান গত শনিবার প্রথম আলোকে বলেন, জমি কিনে যাঁরা দেশের মানুষের সামনে জননেত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। আর অন্যের জমি বা মার্কেট দখলের জন্য শেখ হাসিনার নামে ওই জমি কেনা হয়েছে কি না, তারও অনুসন্ধান চলছে।কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী বলেন, আনছারুল করিম দলে বিভক্তি সৃষ্টির জন্য উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনোয়ার ইসলামকে দিয়ে রাজনীতি করছেন। তিনি মনোয়ারের মাধ্যমে শেখ হাসিনার নামে একখণ্ড নাল জমি কিনে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। প্রকাশ্যে দিনেদুপুরে ওই জমির পাশে মনজুর আলম নামের এক ব্যক্তির প্রায় ৭০ লাখ টাকা দামের একটি মার্কেট দখল করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।