প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিজেপি নেতা রাম মাধব
শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এসেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে রাম মাধব বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বলেন, এখানে রাজনৈতিক দলগুলোকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ সঠিক পথে চলতে হবে। যেমন, নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
বিজেপির নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়ার কারণে বাংলাদেশে উন্নয়ন দেখা যাচ্ছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বিজেপির সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সংখ্যালঘু সম্প্রদায়ের কতটা আস্থা রয়েছে, সেটি আজ মন্দির পরিদর্শনকালে আমি বুঝতে পেরেছি।’
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দিল্লির সঙ্গে সম্পর্ককে ঢাকা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। স্থলসীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টে অনুমোদনের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ভারতের সব রাজনৈতিক দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে যেভাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল, তেমনিভাবে তারা সর্বসম্মতিক্রমে পার্লামেন্টে এই বিলটি পাস করেছে।
প্রধানমন্ত্রী প্রতিবেশী দুই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, ভারতে নিরবচ্ছিন্ন গণতন্ত্র রয়েছে। অথচ বাংলাদেশের গণতন্ত্র কয়েকবার বাধাগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র চর্চা হচ্ছে। ভারতের পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরে এখন নির্বাচন হচ্ছে।
শেখ হাসিনা অতীতে বিএনপির নির্বাচন বর্জনের কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। তিনি এ প্রসঙ্গে বলেন, সামরিক শাসকেরা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এবং রাজনৈতিক দল গঠন করে যেভাবে দেশ পরিচালনা করেছে, তার চেয়ে দেশ এখন অনেক ভালো চলছে।
সামরিক শাসকদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি দল, যে দল দেশে শক্তিশালী গণতন্ত্রের জন্য কঠোর পরিশ্রম করে এবং কখনোই কোনো অশুভ শক্তির সঙ্গে আপস করে না।