শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টায় দুবাই এক্সপো-২০২০-এর একটি ভেন্যুতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির প্রয়াসে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন শেখ জায়েদ আল নাহিয়ান।
শেখ জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের দক্ষ জনশক্তিরও ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ও আমিরাতের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আমিরাতের উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে তিনি সে আমন্ত্রণ গ্রহণ করেন ও দুদেশের সুবিধাজনক সময়ে ভ্রমণে আসবেন বলে জানান। বৈঠক শেষে দুই নেতা ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
সন্ধ্যায় দুবাইয়ের একটি হোটেলে আমিরাতের ট্রেড ও ইকোনমিক মিনিস্টার এবং ইন্টারপোলের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমেদ নাছের আল রাইছি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ট্রেড ও ইকোনমিক মিনিস্টার ব্যবসা–বাণিজ্যসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাঁদের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
অপর বৈঠকে ইন্টারপোলের সভাপতি বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ প্রদান এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।