শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হবে চট্টগ্রাম থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার আবার বাকশালী কায়দায় একদলীয় শাসনের প্রক্রিয়া চালাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। গণতান্ত্রিক অগ্রযাত্রা সচল রাখতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনে রাস্তায় নামতে হবে। চট্টগ্রাম থেকে শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু করা হবে।’ ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘একদলীয় বাকশাল কায়েম করতে আওয়ামী লীগ সংসদের ভেতরে বসে শেখ মুজিবুর রহমানকে আজীবনের জন্য প্রেসিডেন্ট বানিয়েছিল। চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ৭ নভেম্বরে শহীদ জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।’ লালদীঘির সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। অন্যান্যের বক্তব্য দেন দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হক, উত্তর জেলা সহসভাপতি কামাল উদ্দিন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা গতকাল আলাদাভাবে ৭ নভেম্বরের কর্মসূচি পালন করেছেন। রাঙ্গুনিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফাতেহা পাঠ এবং নগরের বিপ্লব উদ্যানে আলোচনা সভার মধ্যে এই কর্মসূচি সীমিত ছিল।