শেখ হাসিনার বক্তব্য ‘এনজয়’ করে বিএনপি
বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে হতাশ হয়েছে বিএনপি। দলটির নেতারা আশা করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের উপায় নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলবেন।প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ বক্তব্য দিয়েছেন। বিরোধী দলকে আক্রমণ ও খালেদা জিয়ার বিষোদ্গার করেছেন। এতে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) বক্তব্য আমরা খুব এনজয় করি।’মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো জবাব দেওয়া যায় না। তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন বক্তব্য দেন। তাঁর বক্তব্যের তথ্য মিথ্যা, বানোয়াট ও রুচিহীন হয়ে থাকে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শিখব, দেশের মানুষ শিখবে। কিন্তু তিনি এমনভাবে বক্তব্য দেন যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে খালেদা জিয়ার বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ করেন। তিনি বিরোধীদলীয় নেতাকে ‘পাকিস্তানের প্রতি দরদ থাকলে’ সে দেশে চলে যেতে বলেছেন। অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি কখনো বিদেশি টাকায় চলে না। পাকিস্তান থেকে যে টাকা পাওয়ার কথা বলা হচ্ছে, সে বিষয়ে তাঁর দল তথ্য সংগ্রহ করছে। এরপর জবাব দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ দাবি করেছেন, ‘পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কই বেশি ভালো। তিনি অন্তঃসত্ত্বা থাকাকালে পাকিস্তানে গিয়ে চেকআপ করাতেন। তাঁর বাবা শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় পাকিস্তানে আত্মগোপন করেছিলেন। তাই শেখ হাসিনারই উচিত পাকিস্তানে চলে যাওয়া।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’য়ের সহযোগিতায় ক্ষমতায় এসেছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার মনে করেন, বিরোধী দলের দাবির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল। মানা না-মানা সেটা পরের ব্যাপার। কিন্তু তিনি তো বিরোধী দলকে উড়িয়ে দিতে চান। এটা গণতন্ত্রের নমুনা হতে পারে না।