শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা ফ্রিগেট কেনা, মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র ও বেপজায় পরামর্শক নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলা বাতিলের আবেদনের শুনানি পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।শেখ হাসিনার আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ফ্রিগেট কেনা, মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র ও বেপজায় পরামর্শক নিয়োগসংক্রান্ত মামলা বাতিলের আবেদনের আংশিক শুনানি হয়েছিল। তিনটি মামলায় সময়ের আবেদন করা হয়েছে। আদালত মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। ওই দিন শুনানি হবে।বিগত চারদলীয় জোট সরকারের আমলে এ তিনটি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০০২ ও ২০০৩ সালে শেখ হাসিনা মামলা তিনটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই সময় আদালত রুল জারি করেন। সেই সঙ্গে মামলাগুলোর কার্যক্রমও স্থগিত করেন। গতকাল মামলা তিনটির রুলের ওপর চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল।