শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রিজভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর একজন উপদেষ্টা এবং ‘আজ্ঞাবাহী’ নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ‘নির্লজ্জভাবে মিথ্যাচার’ করছেন।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, সরকার ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে নোংরামিতে উত্সাহী হয়ে এখন উপজেলা পরিষদ নির্বাচনে আরও উলঙ্গ হয়ে নেমেছে।
উপজেলা নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোবারক হোসেনের দেওয়া বক্তব্য এবং বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও তাঁদের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন করা হয়।
‘নির্বাচন কমিশন এখন স্বাধীন, মানুষ বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে’—প্রধানমন্ত্রীর এ বক্তব্যে উষ্মা ও শ্লেষ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে মানুষ হত্যা, সরকারদলীয় সন্ত্রাসীদের মহা ধুমধামে কেন্দ্র দখল করা, প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে জাল ভোট দেওয়া, ব্যালট পেপারে গণসিল মারতে কমিশন স্বাধীনভাবেই কাজ করেছে।’
রিজভী বলেন, ‘চতুর্থ দফার নির্বাচনে প্রধানমন্ত্রীর লোকেরা বিএনপির দুজনসহ চারজনের জীবন নিয়েছে, ৫০০ জনকে আহত করে জাঁকজমকের সঙ্গে ভোট ডাকাতি করেছে। মোটরসাইকেল র্যালি করে আকাশে গুলি ছুড়ে কেন্দ্র দখলের উত্সব করেছে। সুতরাং, প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, “মানুষ বিপুল উত্সাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে।”’
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, এই কমিশন সরকারের সুহূদ ও আজ্ঞাবহ। তারা সংবিধানের ধার ধারে না। অভিযোগ জানানোর পরও কমিশন নীরব রয়েছে। মনে হচ্ছে সরকার তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে রেখেছে। তিনি বলেন, অভিযোগের প্রতিকার তো দূরের কথা, প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিন্দুমাত্র ভিন্নমত দেখানোর সাহসও নেই তাদের।
‘চতুর্থ ধাপের নির্বাচন আগের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে’ এইচ টি ইমামের এ বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর বংশবদ উপদেষ্টা নির্বাচন নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এ ধরনের বাস্তবতা বিবর্জিত কথা বলার জন্য প্রধানমন্ত্রী বিবেক ও মানবতা বিবর্জিত কিছু উপদেষ্টা নিয়োগ দিয়ে রেখেছেন।’
সংবাদ সম্মেলনে চতুর্থ ধাপের নির্বাচনে পুলিশ ও বিজিবির গুলিতে আখাউড়া পৌর যুবদলের সহসভাপতি হাদিস মিয়া ও বরুড়া উপজেলা যুবদলের কর্মী মনির হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমরের নামে পুলিশ হত্যা মামলা দায়ের, মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদসহ ২৩ জনকে এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আমজাদ হোসেনকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।