শেখ হাসিনার বিশ্বস্ত ও অবিশ্বস্ত সঙ্গীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুটি কয়েক বিশ্বস্ত স্বজন, পারিবারিক বন্ধু এবং দীর্ঘ পরীক্ষিত অনুরক্ত উপদেষ্টার ওপর নির্ভর করেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তারবার্তায় এ কথা উল্লেখ করা হয়েছে। উইকিলিকসে ফাঁস করা মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।তারবার্তায় বলা হয়, বিদেশে বসবাসরত বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত লোকদের মধ্যে অন্যতম। হাসিনা অবশ্য দীর্ঘদিনের দলীয় সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ওপরও নির্ভর করেন এবং তাঁদের পরামর্শ নেন।শেখ হাসিনা চূড়ান্তভাবে তাঁর সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের লোকজনের ওপরই আস্থা রাখেন।মূলে পারিবারিক সম্পর্ক: তারবার্তায় বলা হয়, লন্ডনে বসবাসরত ছোট বোন শেখ রেহানা এবং ওয়াশিংটন ডিসিতে বসবাসরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের ওপর হাসিনা নির্ভর ও বিশ্বাস করেন। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতার মতে, হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ-সম্পর্কিত বিষয়ে রেহানার ওপরই বেশি নির্ভর করেন। কারণ, তাঁর ছেলে যুক্তরাষ্ট্রে বাস করতে করতে ‘বাংলাদেশের চেয়ে আমেরিকাকেই ভালো বোঝেন।’অতীতে রাজনৈতিক মনোনয়নে হাসিনা তাঁর বোন রেহানার পরামর্শ চেয়েছেন এবং তা গুরুত্বসহকারে নিয়েছেন। হাসিনার রাজনৈতিক বিষয়ে পরামর্শ দেন রেহানা ও জয়। তত্ত্বাবধায়ক সরকার আমলে হাসিনার কারাবাসের সময় তাঁর মতামত সরকারের কাছে তুলে ধরার ক্ষেত্রে তাঁরাই ছিলেন বিশ্বস্ত মধ্যস্থতাকারী।আনুগত্য, পারিবারিক সম্পর্ক ও সামরিক দক্ষতার কারণে শেখ হাসিনা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীকে বিশ্বাস করেন এবং তাঁর ওপর আস্থা রাখেন। সিদ্দিকীর ভাই শেখ রেহানাকে বিয়ে করেছেন। তাঁর (তারিক) সঙ্গে হাসিনা পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সিদ্দিকী মন্ত্রিপর্যায়ের উপদেষ্টা। তিনি সামরিক ও নিরাপত্তার বিষয়গুলো প্রভাবিত করেন।বিশ্বস্ত পরামর্শকসৈয়দ আশরাফ: হাসিনা মনে করেন, সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের একজন বিশ্বস্ত সদস্য। শেখ হাসিনার কারাবাসের সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার পুরস্কার হিসেবে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আশরাফ ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সঙ্গে প্রধান মধ্যস্থতাকারী। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সমঝোতার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি অনেক বছর যুক্তরাজ্যে কাটিয়েছেন। সেখানে তিনি শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।মতিয়া চৌধুরী: বিশ্বস্ততা, স্বচ্ছতা ও শক্ত হাতে দায়িত্ব পালনের জন্য মতিয়া চৌধুরীকে কৃষিমন্ত্রী নির্বাচন করেছেন হাসিনা। বাংলাদেশের কৃষি খাত সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তিনিই একমাত্র সদস্য, যাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এইচ টি ইমাম: হাসিনা তাঁর বিশ্বস্ত উপদেষ্টা এইচ টি ইমামকে আওয়ামী লীগের নির্বাচনী স্টিয়ারিং কমিটির সহসভাপতির দায়িত্ব দিলে তিনি আলোচনায় আসেন। হাসিনার বিশ্বস্ততা অর্জনের মূলে রয়েছে আওয়ামী লীগের প্রতি ইমামের পারিবারিক আনুগত্য। জরুরি অবস্থার সময় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন ইমামের ছেলের বন্ধু ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক গোলাম মোহাম্মদ। ইমামের ভাগনে ইউএসএআইডির কর্মকর্তা। একজন মার্কিন সেনা কর্মকর্তার মতে, সাবেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ইমাম সরকারি পদে মনোনয়নের বিষয়ে হাসিনাকে পরামর্শ দেন। ইমামের দুর্নীতির কালিমা রয়েছে।জিল্লুর রহমান: দলের প্রতি জিল্লুর রহমানের দীর্ঘদিনের অবদান এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কের কারণে তাঁকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেন হাসিনা। ২০০৭ সালের জুলাই মাসে হাসিনা গ্রেপ্তার হওয়ার পর জিল্লুর রহমান বিশ্বস্ততার সঙ্গে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জিল্লুর রহমানের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে এবং তাঁর স্ত্রীর আত্মীয় রেহানাকে বিয়ে করেছেন।গওহর রিজভী: হাসিনা ও রেহানার দীর্ঘদিনের বিশ্বস্ত লোক গওহর রিজভী। তিনি জয়েরও পরামর্শক। রিজভী হার্ভার্ডের কেনেডি স্কুল অব গভর্নমেন্টের আশ ইনস্টিটিউটের প্রধান ছিলেন। জয়কে এ প্রতিষ্ঠানে ভর্তি করানোর ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন করেন। ২০০৭ সালের শীতে তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে হার্ভার্ডের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার আয়োজন করেন গওহর। ওই সফরের সময় হাসিনার মুক্তির বিষয়ে জয়ের সঙ্গে সাক্ষাতে আলোচনা করেন মইন। সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ২০০৮ সালের গ্রীষ্মে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের ও হোসেন জিল্লুর রহমান ওয়াশিংটনে হাসিনা ও রেহানার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেও রিজভী উপস্থিত ছিলেন। অবজ্ঞাপূর্ণ ও অবিশ্বস্তহাসিনার সাম্প্রতিক কারাবাসের সময় দলের যেসব নেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য তাঁর প্রতি অবিশ্বস্ত ছিলেন, তাঁদের তিনি দূরে সরিয়ে দিয়েছেন। হাসিনা যখন কারাগারে ছিলেন, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত দলের নিয়ন্ত্রণ নিতে পদক্ষেপ নিয়েছিলেন এবং দলের নেতা হিসেবে হাসিনাকে সরিয়ে দিতে জোর চেষ্টা চালিয়েছিলেন।হাসিনা তাঁর সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূরকে নিষ্ক্রিয় করে রেখেছেন। এই উভয় জ্যেষ্ঠ নেতা একসময় হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু জরুরি অবস্থার সময় তাঁরা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এতে মনে হয়, তাঁরা হাসিনা থেকে বিচ্ছিন্ন এবং পার্লামেন্টে তাঁদের আসন দেওয়া হয়েছে বিরোধী দলের সদস্যদের পাশে। তারবার্তার সার্বিক বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূত তাঁর মন্তব্যে বলেছেন, হাসিনার উপদেষ্টা ও পরামর্শক নির্বাচনে প্রতীয়মান হয়, অভিজ্ঞতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসিনার লক্ষ্য অনুধাবনে এই কর্মকর্তাদের জন্য তাঁর প্রতি আনুগত্যই যথেষ্ট হবে না। হাসিনা বিপুল ভোটে জয়ী হলেও পাঁচ বছর পরের নির্বাচনে আবারও তাঁর জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করবে সরকারের কাজের ওপর।