শেখ হাসিনার ভারত সফরে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতের জনগণ। তাঁর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার রজত মিত্র গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।রজত মিত্র গতকাল বিকেলে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। তাঁদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির বিভিন্ন বিষয়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।বৈঠক শেষে রজত মিত্র সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি সন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের জনগণ ও সরকার অধীর অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল হবে। এ সফরের মাধ্যমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’ভারতীয় হাইকমিশনার হিসেবে পিনাক রঞ্জন চক্রবর্তীর স্থলাভিষিক্ত হতে রজত মিত্র গত ২৬ ডিসেম্বর ঢাকায় আসেন।রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ: এর আগে ভারতের হাইকমিশনার রজত মিত্র গতকাল সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল ভারতীয় হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বড় ধরনের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।রাষ্ট্রপতি ভারতীয় নতুন হাইকমিশনারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রজত মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতিকে ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের শুভেচ্ছা পৌঁছে দেন। ভারতের নতুন হাইকমিশনার বলেন, তিনি এখানে ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগ গড়ে তোলার জন্য কাজ করবেন।