বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) পরামর্শক নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর রায় ৩০ মে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেওয়ার দিন ধার্য করেন।শেখ হাসিনার কৌঁসুলি মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে জানান, মামলাটি বাতিল আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত আগামী রোববার রায়ের দিন ধার্য করেছেন। আদালতে শেখ হাসিনার পক্ষে শেখ ফজলে নূর তাপস ও তিনি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সৈয়দ মিজানুর রহমান শুনানিতে অংশ নেন। জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে।