শেখ হাসিনার শান্তির মডেল ইউনিসেফে উপস্থাপন
যুবলীগের পক্ষ থেকে ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক শেখ হাসিনার শান্তির মডেল জাতিসংঘ শিশু তহবিলে (ইউনিসেফ) উপস্থাপন করা হয়েছে। ইউনিসেফের কর্মকর্তারা বলেছেন, সহিংসতার পথ পরিহার করে উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সবাইকে একযোগে কাজ করা উচিত।গত ৯ জুন নিউইয়র্কে ইউনিসেফের সদর দপ্তরে আওয়ামী যুবলীগের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে শেখ হাসিনার শান্তির মডেল তুলে ধরেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বৈঠকে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক হিলড জনসনসহ কয়েকজন কর্মকর্তা অংশ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত আলোচনায় অংশ নেন। এ সময় শেখ হাসিনার শান্তির দর্শনের আলোকে শিশু অধিকার ও উন্নয়ন নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন হিলড জনসন।ওমর ফারুক চৌধুরী ইউনিসেফে এই প্রস্তাব উপস্থাপনের কারণ উল্লেখ করে বলেন, ‘কারও একার পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শেখ হাসিনার “জনগণের ক্ষমতায়ন” রূপকল্পের আলোকে সবার একযোগে কাজ করা।’ জাহাঙ্গীর কবির নানক বলেন, শিশুর অধিকার কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, শান্তিপূর্ণ একটি বিশ্ব ছাড়া আমরা একটি শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে পারি না। তিনি বলেন, এখানেই শেখ হাসিনার শান্তির দর্শনের সর্বজনীনতা এবং সামগ্রিক গ্রহণযোগ্যতা। বিজ্ঞপ্তি।