শেখ হাসিনার সঙ্গে আজ চট্টগ্রামের নেতাদের মতবিনিময়
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করবেন। সেখানে শেখ হাসিনা নগর আওয়ামী লীগের বিবদমান পক্ষের মধ্যে বিরোধ কমিয়ে আনা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দিতে পারেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।গণভবনের অনুষ্ঠানে যোগ দিতে নগর আওয়ামী লীগের বিবদমান পক্ষের নেতা-কর্মীরা আলাদাভাবে গতকাল বুধবার চট্টগ্রাম ত্যাগ করেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য পক্ষের নেতৃত্বে আছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন।দলীয় সূত্র আরও জানায়, আওয়ামী লীগের স্থানীয় নেতারা সামনের দিনগুলোতে বিরোধী দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিবদমান পক্ষগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। অবশ্য দুই পক্ষ এর আগে পাল্টাপাল্টি সভা করে ঐক্যের আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে যে পন্থা নির্দেশ করবেন, নেতারা তা মেনে নিতে পারেন বলে একাধিক নেতা ইঙ্গিত দেন।