শেখ হাসিনার সঙ্গে এ আর রহমানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপমহাদেশের বরেণ্য সুরকার সংগীত পরিচালক এ আর রহমান আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী এ আর রহমানের সংগীত নিয়ে আলোচনা করেন এবং তাঁর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী উপমহাদেশের সমৃদ্ধ সংগীতকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ অস্কারজয়ী শিল্পীকে ধন্যবাদ জানান। খবর বাসসের।
এ আর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক এবং তাঁর স্ত্রী পেপি সিদ্দিক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
উল্লেখ্য, এ আর রহমান আজ বেলা দুইটার দিকে ভারতের চেন্নাই থেকে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম। বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি একটি পাঁচতারকা হোটেলে নিয়ে যাওয়া হয়।
এ আর রহমান কাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টে গান গাইবেন। তাঁর সঙ্গে এসেছে ১৩০ জনের একটি দল।
বিসিবি সেলিব্রেশন কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজনে সহযোগিতা করছে গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশনস।