শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আল গোর
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর গতকাল শনিবার টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। আল গোর বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বর্তমানে অ্যান্টার্কটিকায় অবস্থান করছেন।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, আল গোর অ্যান্টার্কটিকায় প্রচারণায় অংশগ্রহণকারীদের পক্ষে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনার কাছে টেলিফোন করেন। আল গোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরেন। তিনি দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন এবং এই বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করার উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।জবাবে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে প্রধান ভূমিকা রাখতে হবে। কেননা, এ জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী এসব দেশ।বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণার অংশ হিসেবে আল গোর ‘ডেস্টিনেশন রিয়েলিটি ২০১২: এ জার্নি টু ইন্সপায়ার আন্ডারস্ট্যান্ডিং, কোলাবরেশন অ্যান্ড অ্যাকশন’ শিরোনামে অ্যান্টার্কটিকায় এই প্রচারণার আয়োজন করেন। বাসস।