শেখ হাসিনার সময় কেউ না খেয়ে থাকে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কেউ না খেয়ে থাকেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসহায়তা বিতরণকালে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, শেখ হাসিনার সময় কেউ না খেয়ে থাকেনি। কেউ না খেয়ে থাকবে না। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দেবে। পুনর্বাসনের ব্যবস্থা করবে।
এর আগে দুপুরেও মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ ব্যক্তিদের মাঝেও ত্রাণ বিতরণ করেন। শোক দিবস উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলনকক্ষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।