স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। পাঁচ বছর পর ২০১৯ সালে সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে।’
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ এ জনসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন, জঙ্গি দমন করেছেন। একাত্তরের ঘাতকদের বিচার করছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ এ মুহূর্ত থেকে শুরু হলো। প্রধানমন্ত্রীর নির্দেশেই এখানে তা বলতে এসেছি।’
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর চট্টগ্রাম মেডিকেল
কলেজের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে আন্দোলনে নামেন।
সভাপতির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যাঁরা বিরোধিতা করছেন, সেই কর্মচারী-নার্সরা আমাদের সন্তান। কারও চাকরি যাবে না।’