শেখ হাসিনার সাক্ষাৎ চান তসলিমা নাসরিন
ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এক টুইট বার্তায় নিজের এ ইচ্ছার কথা জানিয়েছেন তসলিমা। সঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সাধারণ একটি প্রশ্ন করতে চান: ‘আপনি কেন আমাকে আমার দেশে ঢুকতে দিচ্ছেন না?’
চার দিনের সরকারি সফরে আজ শুক্রবার দুপুরের পর ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তসলিমা টুইটারে বলেছেন, ভারত সফর চলাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হচ্ছে না।
৫ এপ্রিল এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। আমাকে কি তাঁর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হবে? অবশ্যই না। তিনি কি ২৪ বছর ধরে আমাকে আমার দেশে প্রবেশে বাধা দেওয়ার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, তিনি দিয়েছেন।’
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালের বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা।
তসলিমা টুইট বার্তায় লিখেছেন, ‘...কেউ চায় না আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করি ও প্রশ্ন করি, আপনি কেন আমাকে আমার দেশে প্রবেশ করতে দিচ্ছেন না?’
তসলিমা বর্তমানে সুইডেনের পাসপোর্টধারী হিসেবে দিল্লিতে বসবাস করছেন।