শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস অাজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস অাজ ১৭ মে৷ ছয় বছরের নির্বাসন শেষে ১৯৮১ সালের এ দিনে তিনি দেশে ফেরেন৷
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শুক্রবার বাণী দিয়েছেন৷ বাণীতে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়৷ তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন৷ পরবর্তী ছয় বছর লন্ডন ও দিল্লিতে তাঁরা নির্বাসন জীবন কাটান৷ ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে দলের সভাপতি নির্বাচিত করা হয়৷
শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আজ সূর্যোদয়ের সময় সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে, বেলা ১১টায় কেন্দ্রীয় কমিটি গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবে৷ বিকেল সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে৷
৬ দফা দিবস ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: আওয়ামী লীগ আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস ও ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। গত বুধবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ জুন সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ২৩ জুন সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। বিকেল চারটায় শিখা অনির্বাণ থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা। ২৪ থেকে ২৭ জুন সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ জুন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা৷
গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, নূহ-উল আলম লেনিন, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।