শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মে বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে তিনি দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন।১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন।শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে সাতটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া, সকাল ১০টায় দলের ধানমন্ডির কার্যালয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ, দুপুর দেড়টায় বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ এবং বেলা তিনটায় রাজধানীতে আনন্দ শোভাযাত্রা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে। এ ছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার, লিফলেট, বিলবোর্ড, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল সোমবার এক বিবৃতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের জন্য আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।যুবলীগের সভা: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল আওয়ামী যুবলীগ মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে। সভায় বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘এরশাদের চেয়ে কম আসন পেয়ে কীভাবে আপনারা মধ্যবর্তী নির্বাচন দাবি করছেন?’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্নভাবে পুনর্বাসন করে শহীদদের প্রতি বেইমানি করেছেন।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।