শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ.লীগের সাত দিনব্যাপী কর্মসূচি
দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় নেতাদের এক বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান। বৈঠকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উদ্যাপন কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ নাসিম জানান, ১৬ মে বিকেল তিনটায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার মধ্য দিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি শুরু হবে। ১৭ মে ভোরে সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ নাসিম জানান, সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি পালন ছাড়াও ২২ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া সব ক্ষেত্রে পরাজিত হয়েছেন। আন্দোলনের মাঠে নাশকতা করতে গিয়ে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠ থেকে পালিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।