চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি আলাদাভাবে পালন করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও দলের নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালনের জন্য দুই দিন আগে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর আওয়ামী লীগ আলাদা কর্মসূচি পালন করেছে।নগর আওয়ামী লীগ গতকাল সোমবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের আয়োজন করে। একই সময়ে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়। আর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে উত্তর জেলা আলোচনা সভার আয়োজন করে।নগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার। বক্তৃতা করেন ইসহাক মিয়া, নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী ও খোরশেদ আলম। বক্তারা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিনকে আরেকবার নির্বাচিত করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে ইসহাক মিয়া বলেন, ‘আমরা চাই মহিউদ্দিন আজীবন চট্টগ্রামের মেয়র থাকুন।’ তিনি মেয়রকে বেশি কথা না বলার পরামর্শ দিয়ে বলেন, ‘সব কথা তুমি বললে তো হবে না। অন্যদেরও কিছু বলতে দাও।’ আতাউর রহমান বলেন, মহিউদ্দিন ফেরেশতা নন। তাঁর ভালো যেমন আছে, তেমনি খারাপও আছে।মহিউদ্দিন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি চট্টগ্রামের স্বার্থ নিয়ে কাজ করি। তবে মেয়র নির্বাচনের আগে আমার কোনো প্রতিশ্রুতি নেই।’