শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
গোপালগঞ্জে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা বিদেশে ছিলেন। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যায়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
এদিকে দিবসটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রধান ফটকের সামনে ফিরে শেষ হয়।
গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য ও ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান।