শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নানা কর্মসূচির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার সারা দেশে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ভোরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রধানমন্ত্রীর সংবর্ধনা। ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দল হরতাল ডাকবে, ঠিক আছে। তবে এই দিনে কেন?’ সংলাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনার জন্য সংসদ আছে। সংসদই সকল সমস্যা সমাধানের স্থান।’এ সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের, ইউসুফ হোসেন হুমায়ুন, সতীশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং দলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা তাঁর দেশে ফেরার সময়ের স্মৃতিচারণা করেন।