শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসআজ
আজ ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের সময় তিনি বিদেশে ছিলেন। তারপর ১৯৮১ সালের এই দিনে তিনি দেশে ফেরেন।
এর আগে, ওই বছরের মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করে। এরও তিন মাস পর দেশে ফিরে তিনি বিপুল সংবর্ধনায় অভিষিক্ত হয়েছিলেন। এর পর থেকে শেখ হাসিনা দলীয় কাউন্সিলে বারবার নির্বাচিত দলের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারসহ দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাযোগ্য মর্যাদায় দিনটি উদ্যাপনের জন্য দলের সব স্তরের নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দিনটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দুপুরে বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ, বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।