শেখ হাসিনার হাতে মোদির চিঠি হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বৃহস্পতিবার গণভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় ভারতীয় হাইকমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।
সাক্ষাতের সময় ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের সিনিয়র সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মহুরকরের লেখা ‘মার্চিং উইথ আ বিলিয়ন’ বইয়ের একটি কপি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন হর্ষ বর্ধন শ্রিংলা।
‘মার্চিং উইথ আ বিলিয়ন’ মোদি সরকারের ক্ষমতার তিন বছরের নানা দিক ও শাসন এবং সরকারের কাজের প্রধান ক্ষেত্রগুলো গুরুত্ব পেয়েছে।
আজ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাক্ষাতের সময় ভারতীয় হাইকমিশনার এ বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ভারত সফরের কথা উল্লেখ করেন। তিনি সফরের সময় সম্পাদিত রেকর্ডসংখ্যক সমঝোতা স্মারক ও চুক্তির বাস্তবায়ন এবং অগ্রগতির কথা উল্লেখ করেন । তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে গতিশীল রাখতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ে মতবিনিময়ের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
‘মার্চিং উইথ আ বিলিয়ন’ বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তিন বছরের অবকাঠামো, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, সামাজিক ক্ষেত্র, আর্থিক, কৃষি, ডিজিটাল প্রযুক্তিসহ শাসনের মূল ক্ষেত্রগুলোর অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।
বইটিতে পররাষ্ট্রনীতির ওপর দৃষ্টিভঙ্গি অংশে বাংলাদেশকে নরেন্দ্র মোদি সরকারের অধীনে ভারতের প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির প্রশংসা ও স্বীকৃতির কথা উল্লেখ রয়েছে। বইটিতে দুই দেশের সীমান্ত চুক্তির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যতিক্রমী নেতৃত্ব এবং সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটিকে ‘বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের অগ্রগতির ও অর্জনের সময়োপযোগী দর্শন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ভারত আঞ্চলিক উন্নয়নে চ্যাম্পিয়ন হয়ে থাকবে’ বলে বর্ণনা করেন।