শেখ হাসিনার ৬৮তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে আজ আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
জাতিসংঘের ৬৯তম অধিবেশন উপলক্ষে শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে দলীয় প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে বলে গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ ছাড়া দেশে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দলীয় প্রধানের ৬৮তম শুভ জন্মদিন পালন করার জন্য দলের সব শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।