শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর বুধবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে আছেন। তিনি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর জন্মদিন উপলক্ষে দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু গতকাল সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রথম আলোকে জানিয়েছেন।
শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার তিনি প্রধানমন্ত্রী হন। তাঁর সরকারের আমলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান শেখ হাসিনা। তাঁর শৈশব কেটেছে দাদা-দাদির কোলে-পিঠে মধুমতী নদীর তীরে টুঙ্গিপাড়ায়। তাঁরা পাঁচ ভাইবোন। অপর চারজন হচ্ছেন শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। ভাই-বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবাই ঘাতকদের হাতে নিহত হন।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। শেখ হাসিনাকে ঢাকার টিকাটুলীর নারী শিক্ষা মন্দিরে (বর্তমানে শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ) ভর্তি করা হয়। ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন। ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৬৮ সালে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। তাঁর দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন পুতুল।
শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং বিভিন্ন মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।