শেখ হাসিনাসহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় নভোথিয়েটার দুর্নীতি মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আসামিকে অব্যাহতির সুপারিশসংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার ১৩ বছর পর দুদকের অনিষ্পন্ন শাখায় পড়ে থাকা নভোথিয়েটার দুর্নীতিসংক্রান্ত তিনটি মামলার সব আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে কমিশন।
গত ২৯ জানুয়ারি দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দাখিলের জন্য জেনারেল রেকর্ডিং শাখায় (জিআরও) এ প্রতিবেদন জমা দেন বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন গতকাল মঙ্গলবার বলেন, মামলা তিনটি দীর্ঘদিন অনিষ্পন্ন অবস্থায় ছিল। তা ছাড়া উচ্চ আদালত এ মামলায় প্রধানমন্ত্রীর অংশ খারিজ করে দিয়েছেন। আরও কয়েকজনও উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। আদালত বলেছেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিয়ম অনুযায়ী চূড়ান্ত প্রতিবেদনটি কমিশন আদালতে পাঠিয়েছে।
২০০২ সালের ২৭ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্প বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের (একনেক) সিদ্ধান্তকে আমলে নিয়ে মামলাগুলো করা হয়। একনেকের সিদ্ধান্তগুলো ছিল—প্রকল্পের পরামর্শকের ব্যয় বৃদ্ধি, ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের ব্যয় বৃদ্ধি।
তিনটি মামলায়ই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এসব মামলায় আসামি করা হয় যথাক্রমে ৭ জন, ৮ জন এবং ১২ জনকে। মামলার আসামিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক মারা গেছেন। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর অভিযোগের দায় থেকে উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানা গেছে।