শেখ হাসিনাসহ ৩৬ জন আ.লীগের মনোনয়নপ্রত্যাশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে নড়াইল-১ আসনে (কালিয়া-সদর উপজেলার একাংশ) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের নেতা কবিরুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই নির্বাচনে ৬৩ হাজার ৮২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ৫০ হাজার ৭৭৭ ভোট এবং মহাজোট প্রার্থী বিমল বিশ্বাস ৪৩ হাজার ২৯৫ ভোট পান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে নড়াইল-১ আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। এখানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের আরও ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমান সাংসদ কবিরুল হক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন্নেছা, জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ছিদ্দিক আহম্মদ, জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবু সাঈদ, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্যা ইমদাদুল হক, যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি এনায়েত করিম, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জহুরুল হক, কমান্ডার ওমর আলী, কাজী সরোয়ার, কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস, এস এম শাহীন, শ্যামল দাস, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হাজি মফিজ, কালিয়া পৌর কাউন্সিলর অশোক ঘোষ প্রমুখ।
মোল্যা ইমদাদুল হক জানান, গত ৬ অক্টোবর জেলার তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রীর বৈঠকে নড়াইল-১ আসন থেকে সভানেত্রীকে নির্বাচন করার অনুরোধ জানানো হয়। তিনি বলেন, সভানেত্রীকে জানিয়েই তাঁর নামে এই আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। এই আসনে ভোটার দুই লাখ নয় হাজার ২৫০।
কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান দাবি করেন, দলের কিছু জনবিচ্ছিন্ন নেতা নিজেদের মনোনয়নপত্র কেনার পর দলীয় সভানেত্রীর নামে মনোনয়নপত্র কিনেছেন। তিনি বলেন, ‘মনোনয়ন বোর্ডে নেত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য এবং নেত্রীর সামনে ওই সব জনবিচ্ছিন্ন নেতার চরিত্র ও মুখোশ তুলে ধরতে আমার মতো নড়াইল-১ আসনের আওতাধীন ২২ জন ইউপি চেয়ারম্যান ও কালিয়া পৌরসভার দুজন কাউন্সিলর মনোনয়নপত্র কিনেছেন।’
সাংসদ কবিরুল হক বলেন, ‘এলাকার জনমানুষের দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র কিনেছি। আশা করছি, দলীয় সভানেত্রী আমার প্রতি সদয় হবেন।’
এনায়েত করিম চঞ্চল বলেন, দলের নেত্রী সবার ওপরে। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। হামিদপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোহম্মদ বলেন, ‘নেত্রীর সঙ্গে কথা বলার জন্যই মনোনয়নপত্র কিনেছি।’
এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশীরা ভোটারের দৃষ্টি আকর্ষণ করতে নির্বাচনী এলাকায় তোরণ নির্মাণ এবং পোস্টার-ব্যানার লাগিয়েছেন। জাতীয় পার্টির জেলা সভাপতি মেজর (অব.) গাজী আশরাফ উল আলম, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা শেখ নওয়াবুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ও জামায়াতের নেতা এম এইচ বাহাউদ্দিন এই আসন থেকে নিজ নিজ দলের মনোনয়নপ্রত্যাশী।
বিশ্বাস জাহাঙ্গীর বলেন, ‘আমাদের দল নির্বাচনে অংশ নি লে সে ক্ষেত্রে আমি দলের মনোনয়ন চাইব। তবে দলের নির্বাচনী বোর্ড মনোনয়নের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে তা-ই মেনে নেব।’