প্রতিরক্ষা, তিস্তার পানি ও গঙ্গা ব্যারাজ গুরুত্ব পাবে
শেখ হাসিনা-মোদি বৈঠক হতে পারে ৮ এপ্রিল
আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানিবণ্টন, গঙ্গা ব্যারাজের মতো অমীমাংসিত বিষয়গুলো সমাধানে গুরুত্ব দেবে বাংলাদেশ। আর ভারত এই সফরের সময় দুই দেশের ‘সমন্বিত অংশীদারত্ব’কে শক্ত ভিত্তি দিতে প্রতিরক্ষা সহযোগিতার একটি রূপরেখা চুক্তি সইয়ের বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে এ বিষয়গুলো আলোচনার টেবিলে প্রাধান্য পাবে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ঢাকা এবং নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা চার দিনের সফরে ৭ এপ্রিল বিকেলে নয়াদিল্লি যেতে পারেন। সে ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠকটি হবে ৮ এপ্রিল দুপুরের পর।
শেখ হাসিনার সফরের প্রস্তুতি এবং দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য গত মাসে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। এ সময় নিরাপত্তা নিয়ে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ পুরোপুরি দূর হওয়ার প্রসঙ্গটি উল্লেখ করেন তিনি। তাই ভবিষ্যতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যোগাযোগ প্রতিষ্ঠার মতো বিষয়গুলো, যা লোকজনের জীবনে পরিবর্তন আনবে, সেগুলো যাতে এই সফরে গুরুত্ব পায়, সেটিতে আগ্রহী ভারত।
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় উন্নয়ন প্রকল্প, যোগাযোগ প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে বাংলাদেশেরও আগ্রহের কথা বলা হয়েছে। তবে এই সফর নিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে তিস্তা ও গঙ্গা ব্যারাজের মতো বিষয়গুলোতে অগ্রগতি দেখতে চেয়েছে ঢাকা। ঢাকা বলেছে, বাংলাদেশের জনগণ চায় দ্রুত তিস্তা চুক্তি সই হোক। তিস্তা নিয়ে ভারতের দিক থেকে আন্তরিকতা ও উদ্যাগের যে অভাব নেই তা উল্লেখ করে অভ্যন্তরীণ জটিলতা, আরও স্পষ্ট করে বললে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মতবিরোধের বিষয়টি মনে করিয়েছেন জয়শঙ্কর।
তিস্তার মতো গঙ্গা ব্যারাজ নিয়েও পশ্চিমবঙ্গের বিরোধিতার উল্লেখ করে এ নিয়ে ভারতের গণমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গ টেনেছে বাংলাদেশ। সফরকালে জয়শঙ্কর প্রকাশিত প্রতিবেদন ভুল না ঠিক, এর কোনোটাই বলেননি। তিস্তার মতো গঙ্গা ব্যারাজ নিয়েও যে মোদি সরকারের আন্তরিকতায় ঘাটতি নেই, সেটা তিনি জানিয়ে গেছেন।
জানতে চাইলে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই সফরে অন্যান্য বিষয়ের পাশাপাশি তিস্তা ও গঙ্গা ব্যারাজের মতো অমীমাংসিত বিষয়গুলোতেও বিশেষ গুরুত্ব দেবে বাংলাদেশ।
উত্তর প্রদেশের নির্বাচনে বিজেপির বিপুল বিজয় দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি। তাঁর মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিমণ্ডলে নিজের অবস্থান জোরদার হওয়ায় পশ্চিমবঙ্গকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদির তিস্তা চুক্তি সই করা উচিত।
দেশের রাজনীতিতে অবস্থান সুসংহত হওয়ায় প্রতিরক্ষা নিয়ে সমঝোতা স্মারক নয়, চুক্তি সইয়ের জন্য ভারত চাপ দেবে কি না—জানতে চাইলে দেব মুখার্জি গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘প্রতিরক্ষার মতো বিষয়টি সব সময় স্পর্শকাতর। বাংলাদেশের স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে বিবেচনায় নিয়ে শুরুতে সমঝোতা স্মারক সই যথার্থ বলেই আমি মনে করি। কারণ, এ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের অবকাশ আছে। তাই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ধীরে ধীরে এগোনোই ভালো।’
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার আজ সোমবার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করার কথা রয়েছে।