শেখেরখিলে ঘরে ঘরে স্বজনদের আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমান তৃতীয় শ্রেণীতে পড়ে। ২৫ মার্চ ভোরে তার বাবা নুরুল ইসলাম ট্রলারে করে সাগরে চলে যান। সে তখন ঘুমিয়ে ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে তার কাছে বাবা কোথায় জানতে চাইলে হাবিবুর জানায়, সাগরে ডাকাতেরা মেরে ফেলেছে। পাশেই বিলাপ করেন হাবিবের মা জান্নাত বেগম।চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখিল এলাকার এই পরিবারের শুধু নুরুল (৪০) নন, তাঁর বড় ভাই আমির হোসেনও (৫০) নিখোঁজ রয়েছেন। আমিরের ছেলে নুরুল আবছার এখন হন্যে হয়ে খুঁজছেন বাবাকে, অন্তত বাবার লাশও যদি মেলে। এই আশায় শেখেরখিল ফাঁড়ির মুখঘাটের বিভিন্ন ট্রলারে ছুটে যাচ্ছেন। শেখেরখিলের দেলোয়ার হোসেন (২০) ও তাঁর ভাই নূর হোসেন (১৮) এবং সাব্বির (৩৫) ও তাঁর ভাই নুরুল ইসলাম (৪০) নিখোঁজ আছেন।গত ২৪ ও ২৫ মার্চ সাগরে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা অন্তত ৩১ জন মাঝিমাল্লাকে রশি দিয়ে বেঁধে নৌকা থেকে সাগরে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে গত সোমবার তিনজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল উদ্ধার করা হয় আরও ১৮টি লাশ। তবে সেখানে তাঁদের লাশ রয়েছে কি না, স্বজনেরা নিশ্চিত হতে পারেননি। কারণ, লাশগুলো পচে গলে গেছে। এ ছাড়া আইনি-প্রক্রিয়া সম্পন্নের জন্য লাশগুলো পাঠিয়ে দেওয়া হয় কুতুবদিয়ায়। দেলোয়ার ও নূরের বাবা হাবিবুর রহমান ছেলেদের চিন্তায় পাগলপ্রায়। তিনি বলেন, ‘আমার ছেলেরা শক্ত মাঝি। কোনো দিন এ রকম বিপদে পড়েনি। কিন্তু আজ এটা কী হয়ে গেল? আমি কাকে নিয়ে থাকব!’ নূরজাহান বেগমের ছেলে খলিলুর রহমান (২৩) এই প্রথম মাছ ধরতে সাগরে গিয়েছিলেন। এরপর তিনিও নিখোঁজ হন। শেখেরখিলের টেকপাড়ার খলিলদের কুঁড়েঘরে গিয়ে দেখা যায়, নূরজাহান ছেলের প্রতীক্ষায় বসে আছেন। অঝোরে কাঁদছেন। তিনি বলেন, ‘আমার ছেলেরে কেন যে পাঠালাম। কোনো দিন সে যায়নি দরিয়ায়। কেন এবার গেল। আর প্রথমবারই কাল হলো।’ সাগরে তিন ঘণ্টা: তিনটি ট্রলারের মধ্যে আল্লার দান-২ নামের একটি ট্রলার ডাকাতদের কবল থেকে ফিরে এসেছে। কিন্তু এর ১৩ মাঝিমাল্লার ১০ জনই ছিলেন নিখোঁজ। ওই ট্রলারের মাঝি নূর হোসেন সাগরে তিন ঘণ্টা সাঁতার কেটে জীবন রক্ষা করেন। নূর হোসেন বলেন, ‘২৫ মার্চ রাতে জলদস্যুরা আমার ট্রলারে আক্রমণ করে। একপর্যায়ে তারা ট্রলারে ওঠার জন্য আমাকে গুলি করে। আমার হাতে ও পায়ে গুলি লাগে। পরে আমি সাগরে ঝাঁপ দিই। প্রায় তিন ঘণ্টা সাঁতার কাটি। এরপর অন্য একটি ট্রলার আমাকে তুলে বাড়ি পৌঁছে দেয়।’