শেখেরটেক এলাকায় পানি নেই নয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি–সংকট মেটাতে ওয়াসার গাড়ি বাড়ি বাড়ি পানি সরবরাহ করছে৷ গতকাল মোহাম্মদপুরের শেখেরটেক ৬ নম্বর সড়ক থেকে তোলা ছবি l সাবিনা ইয়াসমিন
পানি–সংকট মেটাতে ওয়াসার গাড়ি বাড়ি বাড়ি পানি সরবরাহ করছে৷ গতকাল মোহাম্মদপুরের শেখেরটেক ৬ নম্বর সড়ক থেকে তোলা ছবি l সাবিনা ইয়াসমিন

মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার পাঁচটি সড়কে নয় দিন ধরে পানি নেই। এলাকার ওয়াসার পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। নতুন পাম্প বসাতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছে ওয়াসা। কর্তৃপক্ষ বিকল্প পানির ব্যবস্থা না করায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর অভিযোগ, নয় দিন ধরে পানি না থাকলেও ওয়াসার পক্ষ থেকে বিকল্প পানির ব্যবস্থা করা হয়নি। এলাকার লোকজনকে প্রতিদিন হাজার হাজার টাকার পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। গতকাল রোববার এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শেখেরটেকের ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর সড়কে পানি নেই। ৬ নভেম্বর ৭ নম্বর সড়কের ওয়াসার রফিক হাউজিং সোসাইটির পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। ওয়াসা আশপাশের এলাকার পাম্প থেকে এসব সড়কে পানি দেওয়া হচ্ছে বললেও সেই পানি পাওয়া যাচ্ছে না।
ওয়াসার লালমাটিয়া আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রব বলেন, পাম্পটি পুরোপুরি বিকল হয়ে গেছে। নতুন পাম্প বসাতে এক মাস সময় লাগবে। এ সময় এলাকায় বিকল্প উপায়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। তিনি দাবি করেন, পানির সমস্যা কমতে শুরু করেছে। গত কয়েক দিন বাড়িগুলোতে ১৩০ গাড়ি পানি লাগলেও গতকাল লেগেছে ৫৫ গাড়ি।
তবে এলাকার লোকজন ওয়াসার বিকল্প পানি এখনো পাননি বলে জানান। শেখেরটেক ৯ নম্বর সড়কের বাসিন্দা রুবাইয়াত হাসনাত বলেন, অনেক বাড়িওয়ালা পানি কিনে আনছেন, কিন্তু সবার তো এত সামর্থ্য নেই। ওয়াসা নয় দিনেও বিকল্প ব্যবস্থা করতে পারল না। দিনে চার-পাঁচ হাজার টাকার যদি পানিই কিনতে হয়, তাহলে কীভাবে হবে? শেখেরটেক ৭ নম্বর সড়কের এক বাড়ির তত্ত্বাবধায়ক মো. সাইদ বলেন, লালমাটিয়ায় ওয়াসার আঞ্চলিক কার্যালয় থেকে পানি দিচ্ছে। এক গাড়ি পানির ব্যবস্থা করতে সেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। গাড়িপ্রতি ওয়াসার লোকজনকে ১০০-২০০ টাকা না দিলে পানি নিয়ে আসতে চায় না।