শেখেরটেক ও আদাবরসহ কিছু এলাকায় গতকাল চুলা জ্বলেনি
শেখেরটেকের ৯ নম্বর সড়কের একটি বাড়ির দোতলায় ভাড়া থাকেন নতুন দম্পতি ফিরোজ ও সাথী। দুজনই চাকুরে। তাই শুক্রবার ছুটির দিনে ঘরে ভালোমন্দ রান্না হয়। কিন্তু গতকাল রান্না করতে গিয়ে সাথী পড়েন মহা সমস্যায়। টিমটিম করে চুলা জ্বলছে। একসময় চুলায় আর আঁচই ছিল না। সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে এই অবস্থা।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক, আদাবর, মনসুরাবাদ ও আশপাশের এলাকায় গতকাল সকাল ১০টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা গ্যাস ছিল না। এ জন্য শুক্রবার ছুটির দিনে যথাসময়ে রান্না হয়নি এসব এলাকায়।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি জানিয়েছে, চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় কিছু এলাকায় সরবরাহে বিঘ্ন ঘটে। এ ছাড়া গ্যাসেরও স্বল্পচাপ রয়েছে। আগারগাঁওয়ে খোঁড়াখুঁড়ির কারণেও গ্যাস লাইনে সমস্যা হয়েছে। আজ শনিবারও কিছু এলাকায় গ্যাসের সমস্যা থাকতে পারে।
শেখেরটেকের ১২ নম্বর রোডের অপর একটি বাড়ির বাসিন্দা আবদুল হক জানান, শীতকালে এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা থাকলেও এ সময়ে এমন দেখা যায় না। কিন্তু গতকাল যে সমস্যা দেখা গেছে তা শীতকালের চেয়েও বেশি ভোগান্তির। শীতকালে তবু বিকল্প উপায় গ্রহণের প্রস্তুতি থাকে। কিন্তু গতকাল তা মোটেই ছিল না। ঘরে থাকা শুকনা খাবার খেতে হয়েছে।
আদাবর এলাকায় বছরের এমন সময়ে কখনো গ্যাসের সমস্যা দেখা যায় না। ৮ নম্বর সড়কের বাসিন্দা সঞ্চিতা গ্যাস না থাকার চরম ভোগান্তির কথা জানিয়ে বলেন, এ অবস্থায় কী করা যায় বুঝতে পারছেন না। মনসুরাবাদের প্রথম গলির বাসিন্দা তিতলি তারান্নুমসহ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কেন গ্যাসের সমস্যা হলো বুঝতে পারছেন না। তিতাসের স্থানীয় কার্যালয়ে ফোন করলেও কেউ ধরেননি।
তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, তিতাসের চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে তাঁরা চেষ্টা করছেন সমস্যা সমাধানের। ঢাকায় গ্যাসের চাহিদা ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু পাওয়া গেছে অন্তত ৭০ মিলিয়ন ঘনফুট কম।
তিতাসের অপর একটি সূত্রে জানা যায়, আগারগাঁওয়ে বহুতল ভবন নির্মাণকাজের খোঁড়াখুঁড়ির কারণে মাটির নিচে গ্যাসলাইনে সমস্যা হয়েছে। এ কারণেও গ্যাসের সমস্যা।