শেঠের ১৪ মাসে আয় বেড়েছে সাড়ে ৩ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোলায়মান আলম শেঠ
সোলায়মান আলম শেঠ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠের আয় ১৪ মাসে সাড়ে তিন গুণ বেড়েছে। জাতীয় পার্টি (জাপা) সমর্থিত এই প্রার্থী ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বার্ষিক আয় দেখিয়েছিলেন ২ লাখ ৮৫ হাজার টাকার। এবার মেয়র পদে নির্বাচনের সময় তাঁর আয় দেখানো হয়েছে সাড়ে ১০ লাখ টাকা।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সোলায়মান আলম খাগড়াছড়ি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। তখন তিনি হলফনামায় ব্যবসা ছাড়া অন্য কোনো খাত থেকে আয় দেখাননি।
নির্বাচনে সোলায়মানসহ ১৩ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে ১২ জনই ব্যবসায়ী। কেবল বিএনএফের আরিফ মঈনুদ্দীন পেশা হিসেবে কিছু উল্লেখ করেননি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সবার জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের বাইরে সোলায়মানের নাম সবচেয়ে আলোচিত। হলফনামায় তিনি প্রকাশনা ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছেন। এইচএসসি পাস সোলায়মানের ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন ২ লাখ ৪০ হাজার টাকার। এ ছাড়া দোকান ও বাড়ি ভাড়াবাবদ তাঁর আয় ৩ লাখ ৩৭ হাজার টাকা। অন্যান্য খাতে আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় ১০ লাখ ৫০ হাজার টাকা।
আয় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে সোলায়মান শেঠ প্রথম আলোকে বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে। আয়ও বাড়ছে। তাই গতবারের চেয়ে আমার আয় বেড়েছে। বাড়ি ভাড়া পাই। কোনো অসত্য তথ্য দিইনি।’
তবে আয় বাড়লেও সোলায়মানের সম্পদের কোনো পরিবর্তন হয়নি। তাঁর নগদ রয়েছে ১০ লাখ টাকা। এ ছাড়া ২০ হাজার টাকার আসবাব আছে। তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পদ রয়েছে ৬০ হাজার টাকার।
ইসলামিক ফ্রন্টের হোসাইন মুহাম্মদ মুজিবুল হক নিজেকে সাক্ষরজ্ঞানসম্পন্ন হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন। ব্যবসা থেকে
বছরে তাঁর আয় ৫ লাখ ৩৮ হাজার টাকা।
মুজিবুল হকের অস্থাবর সম্পদের পরিমাণ ১৩ লাখ ৩৮ হাজার টাকা। আর তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পদ রয়েছে আট লাখ টাকার। এর বাইরে তাঁর স্ত্রীর ৩৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে মুজিবুল হকের ২ লাখ ৬৪ হাজার টাকার একটি অকৃষিজমির কথা উল্লেখ করা হয়েছে।
ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিনের বার্ষিক আয় ১২ লাখ ৮১ হাজার টাকা। তিনি পেশা হিসেবে দেখিয়েছেন আবাসন ব্যবসা। কামিল পাস মতিনের অস্থাবর সম্পদের পরিমাণ ৬৮ লাখ ২৪ হাজার টাকা। আর তাঁর স্ত্রীর বার্ষিক আয় ৩ লাখ ৩ হাজার টাকা। এ ছাড়া তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ রয়েছে ২২ লাখ ২৬ হাজার টাকার। মতিন তাঁর স্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৫১ লাখ টাকা।
মো. আলাউদ্দিন চৌধুরী এইচএসসি পাস। ঠিকাদারি ব্যবসা থেকে তাঁর বছরে আয় দুই লাখ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ছয় লাখ টাকা। আর তাঁর স্থাবর সম্পদের মধ্যে ১৩ শতক অকৃষিজমি এবং একটি সেমিপাকা ঘর রয়েছে।
মো. শফিউল আলম আয় দেখিয়েছেন ৩ লাখ ৭ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ১৮ লাখ ৮১ হাজার টাকা।
ওয়ায়েজ হোসেন ভূঁইয়া আলিম পাস। তিনি ব্যবসা খাতে আয় দেখিয়েছেন ১৫ লাখ ৪১ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৫৩ লাখ টাকা ও স্থাবর সম্পদ ২২ লাখ ৫০ হাজার টাকা।
আবুল কালাম আজাদ ব্যবসা খাতে আয় দেখিয়েছেন ২ লাখ ৪০ হাজার টাকা। ১ লাখ ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে এসএসসি পাস এই প্রার্থীর। তাঁর স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
এইচএসসি পাস সাইফুদ্দিন আহমেদের বছরে আয় ২ লাখ ৪০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ সাড়ে পাঁচ লাখ টাকার। সৈয়দ সাজ্জাদ জোহাও এইচএসসি পাস। এই ব্যবসায়ীর বার্ষিক আয় ১ লাখ ৯২ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ সাড়ে ১০ লাখ টাকা।
পোলট্রি ও মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান চৌধুরী এসএসসি পাস। তাঁর বার্ষিক আয় ছয় লাখ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদ রয়েছে এক লাখ টাকার।
বিএনএফ-সমর্থিত আরিফ মঈনুদ্দীনের এক কোটি টাকা মূল্যের বাড়ির কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রীরও দেড় কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে। তবে তিনি পেশা হিসেবে কিছু উল্লেখ করেননি।
আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিনের বার্ষিক আয় ৩ কোটি ৬২ লাখ টাকা। বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের আয় ১ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা।